সিরাজগঞ্জে নতুন করে আরও ২৬ জন

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৫:৫৭

সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৬ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোঃ হুমায়ুন কবীর বলেন, ‘নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। নতুন করে আরো ২৬ জন রোগী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এসব হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। বাকিরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।’

আরও পড়ুন: ডিম পাড়ছে এডিস মশা, সাতক্ষীরায় ১১৫ জন ডেঙ্গু রোগী

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, ডেঙ্গু সচেতনতায় প্রশাসন কাজ করে যাচ্ছে। সভা, সমাবেশ ও র‌্যালির পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাসে গিয়ে সচেতনমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকে।

ইত্তেফাক/নূহু