অণুগল্প

দুই বান্ধবী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৯:৩০

 

সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় দরজার কড়া নড়ে উঠল।

—অ্যানোফিলিস আপা, বাড়িতে আছ?

দরজা খুলেই খুশিতে উচ্ছ্বসিত হয় অ্যানোফিলিস, অ্যাডিস আপা, তুমি? কী সৌভাগ্য আমার! গরিবের বাড়িতে আজ হাতির পা পড়ল!

—ছিঃ! নিজেকে এত ছোট মনে করো কেন তুমি? এককালে তো ম্যালেরিয়া ছড়িয়ে সারা দেশে তাণ্ডব লাগিয়ে দিয়েছিলে! আর এখনো বা কী কম! পার্বত্য চট্টগ্রামে তোমার দাপটের কথা সবাই জানে।

—আমার সবকিছু অতীত গৌরব, কিন্তু তুমি যেরকম তেজ দেখাচ্ছ ডেঙ্গু ছড়িয়ে, সে রকম আমি পারিনি। মানুষ তোমাকে দেখলেই ভয়ে ভিরমি খায়। প্রায় দিন কেউ না কেউ চিরবিদায় নিচ্ছে।

—অত প্রশংসা কোরো না, গর্বে বুক ফুলে ফেটে যাবে।

—প্রশংসার আরো তো বাকি আছে। তুমি কী সুন্দর বাঘ মার্কা ডোরাকাটা জামা পরে থাকো আর আমারটা মাটির মতো ম্যাড়মেড়ে। তা দাঁড়িয়ে কেন? বসো!

—না, না, বোন, আমি বসব না।

—আমি জানি, আমার নোংরা ঘর মানে এই পচা নর্দমা পছন্দ হয়নি তোমার। তুমি তো আবার বড়ো লোক!

—বড়ো লোক নই, একটু শৌখিন আরকি! কচুপাতায়, ভাঙা পাত্র, ফুলের টব এসবে জমা পানি আমার পছন্দ। পরিষ্কার পানি ছাড়া আমি ঘর-সংসার করতে পারি না। ওখানেই ছানাপোনা ফোটাই ডিম পেড়ে।

—তবে তোমার সাহস বড়ো বেশি।

—তা আর বলতে! তোমার মতো চুরি করে রক্ত খাই না রাতের অন্ধকারে।

—দেখো, চোর চোর বলব না। তুমি তো করো ডাকাতি!

—ডাকাতি নয়। বুকে সাহস বেঁধে দিনের বেলায়ই ঐ মনুষ্য সন্তানদের রক্ত টেস্ট করি আরকি!

—টেস্ট করার কথা বলে তুমি আমার খিদেটা চাগিয়ে দিলে। আমি এক্ষুনি বের হব। হাসপাতালে নাকি নতুন ডায়াবেটিস রোগী ভর্তি হয়েছে। শুনেছি ওর রক্ত নাকি ভীষণ মিষ্টি। একদম চিনির সরবতের মতো। খেয়ে দেখতে হবে। তুমি খেতে যাবা না?

—না, বোন। আমি দিনেই খাবারদাবার শেষ করে ফেলেছি। রাতে আমার খিদে পায় না। এখন আমি ঘুমাব। ভালো কথা আমার সঙ্গে চিটাগাং বেড়াতে যাবা?

—না রে! অতদূর উড়ে যেতে পারব না।

—উড়তে হবে না। রাতের চট্টগ্রাম ট্রেনের কামরায় ঢুকে বাথরুমে লুকিয়ে থাকব। ভোর হতেই ওখানে পৌঁছে যাব।

—তাহলে যাব। চাটগাঁয়ে আমার খালা থাকে। তার সঙ্গে দেখা হয়ে যাবে। এখন যাই, আর খিদে সহ্য করতে পারছি না।

সহসা ভোস ভোস ফগ মেশিনের শব্দ। চমকে উঠল অ্যানোফিলিস।

—ও মা! কী হবে? মশার ওষুধ দিতে এসেছে!

—চিন্তা করিস না। পত্রিকায় দেখেছি ৫০ কোটি টাকায় আনা ভেজাল ওষুধ এসব।

মুহূর্তে অন্ধকার হয়ে এল চারদিক। সাময়িকভাবে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল অ্যানোফিলিস। উড়ে পালাল অ্যাডিস।

কার্টুন :শিশির অধিকারী