‘কাতারের সঙ্গে বিবাদ সত্ত্বেও মজবুত অবস্থানে জিসিসি’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫

সংযুক্ত আরব আমিরাত বলেছে কাতার সংকট সত্ত্বেও গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) মজবুত অবস্থানে আছে।  জিসিসির শীর্ষ সম্মেলনের আগে এ কথা বলল আরব আমিরাত। আগামী সপ্তাহে জিসিসির শীর্ষ সম্মেলন।

গত মঙ্গলবার কুয়েতে বৈঠক করেন জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে ২০১৭ সালের জুন থেকে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে বয়কট করেছে জিসিসির অন্যদেশগুলো এবং মিসর। কাতার বলেছ তাদের সার্বভৌমত্বকে সংকুচিত করার জন্য চেষ্টা চালাচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো। কাতার সন্ত্রাসবাদে কখনও মদদ দেয় না।

আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ ট্যুইটারে লিখেছেন জিসিসির সবচেয়ে বড় সাফল্য সদস্যদেশগুলোর জন্য একটি অভিন্ন বাজার তৈরি করা। কট্টরপন্থিদের মদদ দেওয়া বন্ধ করলেই কাতারের সঙ্গে রাজনৈতিক সংকট কেটে যাবে।  গত সপ্তাহে কাতার অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) ত্যাগের ঘোষণা দেয়। কাতারের এই পদক্ষেপের কারণে রিয়াদে জিসিসির শীর্ষ সম্মেলনে কাতার সংকট সমাধানের সম্ভাবনা আরো কমে গেল। সৌদি বাদশাহ কাতারকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে তবে কাতার এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।