ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও সচিব অসিম কুমার বিশ্বাসকে তিনদিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিছালী ইউনিয়নের রুখালী বাজারের একটি গুদাম থেকে তিন মেট্রিক টনের বেশি চাল জব্দ করেন মো. আল-আমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে সরকারিভাবে অন্য ইউনিয়নের মত সদরের বিছালী ইউনিয়নের এক হাজার ১৭৯ জন হত দরিদ্রের জন্য জনপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণের বিষয়টি অধিকাংশ মেম্বরকে না জানিয়ে প্যানেল চেয়ারম্যানের পছন্দের তিনজন মেম্বর দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ শুরু করেন। কিন্তু দেড় থেকে দুইশ জনকে ১৪ কেজি করে চাল দেওয়ার পর বাকি চাল আত্মসাতের উদ্দেশে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে রুখালী জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে সরিয়ে রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন।
আরও পড়ুন: একটু অপেক্ষা করুন, দেখুন আমি কি করি: মাশরাফি
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবকে ৩ দিনের জেল দেওয়া হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে বাকি দুস্থদের চাল বিতরণ করা হবে।
ইত্তেফাক/অনি
