শি-পুতিনের বৈঠকে ইরানের ইউরেনিয়াম ইস্যু

আপডেট : ২২ মে ২০২৬, ১৬:১৬

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাবও তুলে ধরেন পুতিন।

বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ।

গত ২০ মে দু’দিনের সরকারি সফরে চীনে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

পেসকভ বলেন, “দ্বিপাক্ষিক চা-বৈঠকের সময় ইরানের ইউরেনিয়াম ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তাব চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ। সংস্থাটির মতে, এই মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব।

ইরানের এই ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নিতে গত বছর জুনে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ১২ দিনের ওই অভিযানে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা।

পরবর্তীতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আবারও ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনী। টানা ৪০ দিনের সংঘাত শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবুও ইরানের ইউরেনিয়াম এখনো যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে রয়েছে।

যুদ্ধবিরতির এক সপ্তাহ পর ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন। ইরান এতে সম্মতি জানালেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মূলত এই বিষয় নিয়েই আলোচনা করেন ভ্লাদিমির পুতিন।

সূত্র: এএফপি

 
ইত্তেফাক/এমএএম