নেইমার যুদ্ধে এগিয়ে রিয়াল

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪২

বিশ্বের সবচাইতে দামি ফুটবলার নেইমারকে দলে ভেড়াতে এবার পিএসজিকে লোভনীয় এক প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। জানা গেছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এরই মধ্যে খেলোয়াড়টিকে পাঁচ বছরের চুক্তির পাশাপাশি পিএসজির সমপরিমাণ বেতন (৩৬ মিলিয়ন ইউরো) দেওয়ার প্রস্তাব দিয়েছেন নেইমারকে।

স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত এর আগে জানিয়েছিল,  ব্রাজিলীয় ফরোয়ার্ডকে দলে টানতে ব্যালন ডি’অর জয়ী লুকা মদ্রিচ এবং ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছে। কিছুদিন আগে অবশ্য পিএসজিকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলো বার্সেলোনাও। আরেক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিলো, ফেলিপে কোটিনহো, উসমান দেম্বেলে, ইভান রাকিটিচ, নেলসন সেমেদো, স্যামুয়েল উমতিতিদের যে কোনো দুইজন এবং ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলো নেইমারের সাবেক দল। তবে বার্সেলোনার সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিলো পিএসজি। ফরাসি ক্লাবটি জানিয়েছিলো নগদ অর্থ ছাড়া মোটেও কোনো কথা শুনবে না তারা। তবে রিয়ালের প্রস্তাবটি মনে ধরেছে পিএসজির, জানিয়েছে স্পোর্ত।

নেইমারকে পিএসজি থেকে দলে ফেরত আনতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। মাঝে এই দৌড়ে রিয়াল মাদ্রিদ যোগ দিয়েছিলো। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়ানোর চেষ্টায় কিছুটা পিছু হটে যায় কোচ জিনেদিন জিদানের দল।

ইংলিশ দলগুলোর খেলোয়াড় বেচা-কেনার সময় গত বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। এবং এ সময়ে পগবার বিকল্প কোনো খেলোয়াড়ও নিবন্ধন করেনি ম্যানইউ। ফলে এখন কাগজে-কলমে ইউরোপীয় দলবদলের সময় থাকলেও রিয়ালের পগবাকে পাবার সম্ভাবনা নেমে এসেছে শূন্যের কোঠায়। তাই পগবাকে দলে টানার লক্ষ্য থেকে সরে এসে নেইমারে মনোযোগ দিয়েছে রিয়াল। ব্রাজিল তারকার সায় মিললেই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নামবে তারা। নেইমার অবশ্য এখনো রিয়ালের প্রস্তাবে সায় দেননি। তাই এখনো বার্সেলোনার আশা শেষ হয়ে যায়নি।

চলতি দলবদলে বার্সেলোনা আন্তনিও গ্রীজমান, ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং জুনিয়র ফিরপোকে দলে ভেড়াতে এরই মধ্যে প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে। ফলে নেইমারকে নগদ অর্থে কেনার উপায় নেই দলটির। আরেক ব্রাজিলীয় ফরোয়ার্ড কোটিনহোকে বেচে যদি অর্থের ব্যবস্থা করেও ফেলে বার্সেলোনা, সেক্ষেত্রেও উয়েফার ফিন্যানসিয়াল ফেয়ার প্লের চোখ রাঙানি অপেক্ষা করছে তাদের জন্য। এক্ষেত্রেও একটি সমাধান খুঁজে পেয়েছে বার্সেলোনা। গোলডটকম জানাচ্ছে, নেইমারকে ধারে হলেও পেতে চায় ক্লাবটি। এই চুক্তিতে সঙ্গে থাকবে আগামী গ্রীষ্মকালীন দলবদলে বাধ্যতামূলকভাবে কিনে নেওয়ার ধারাও। তবে বার্সেলোনায় এলে বেতনে বড় ধরনের ধস নামবে নেইমারের। বার্সায় এলে বেতনভাতা মিলিয়ে অন্তত ৬ মিলিয়ন ইউরো কম আয় করবেন নেইমার। 

রিয়ালে বড় অঙ্কের বেতন নাকি বার্সেলোনায় প্রত্যাবর্তনকে প্রাধান্য দেবেন নেইমার? এই প্রশ্নের উত্তর পেতে হলে চলতি দলবদল মৌসুমের শেষ ৩১ আগস্ট নাগাদ অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে।