বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল জানিয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারসহ তিনি এটিপির প্লেয়ার কাউন্সিলে একাট্রা হয়ে কাজ করবেন। উইম্বলডনের প্রাক্কালে টেনিস খেলোয়াড়দের সংগঠন এটিপিতে তিনটি পদ খালি হয়। এটিপির মন্ট্রিল মাস্টার্স চলাকালে সতীর্থ খেলোয়াড়রা নাদাল ও ফেদেরারকে শূন্যস্থান পূরণে নির্বাচিত করে। নাদাল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার পর গত বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সেখানে আমরা একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা উভয়ে মিলে একটা ভালো শক্তি হয়ে উঠব। কোনো না কোনোভাবে খেলাটির জন্য ভালো হবে। আশা করি ভালো উপায়ে।’ সাম্প্রতিক মাসগুলোতে এটিপি বেশকিছু বিষয়ে বিতর্ক ছড়িয়েছে। বিশেষ করে এটিপি কাউন্সিলের সভাপতি নোভাক জোকোভিচ যে কোনো বিষয়ে নাদাল ও ফেদেরারের বিপরীত অবস্থান নিচ্ছিলেন।
