হকিতে দুই সপ্তাহের জন্য উপদেষ্টা কোচ

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৫

জাতীয় হকি দলের উপদেষ্টা কোচ হয়ে ঢাকায় আসছেন অজয় কুমার বানসাল। তাকে দুই সপ্তাহের জন্য উপদেষ্টা কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জুনিয়র ওমেন্স এএইচএফ কাপ এবং অনূর্ধ্ব ২১ নারী দলের সাথে কাজ করবেন তিনি। এছাড়া আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রাথমিক অনুশীলন ক্যাম্পেও থাকা খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন ৬০ বছর বয়সী অজয় কুমার বানসাল।

হকি ফেডারেশন জানিয়েছে অজয় কুমার বানসালের মূল দায়িত্ব হচ্ছে সিঙ্গাপুরগামী নারী দলকে প্রস্তুত করা। পেশাগত কারণে আপাতত ১৫ দিনের জন্য তিনি ঢাকায় আসলেও, হকি ফেডারেশন তার মেয়াদ আরো বাড়াতে চেষ্টা করবে।  যাতে অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলকেও যথেষ্ট সময় দিতে পারেন তিনি। ১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে অজয় কুমার বানসালের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

অজয় কুমার বানসাল ভারতের অন্যতম অভিজ্ঞ হকি কোচ। যিনি ভারতীয় কোচদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্রোণাচার্য খেতাব পান। কাজ করেছেন ভারত জাতীয় হকি দল ও নারী দলের সাথে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ভারতীয় হকি ডেভেলপমেন্টের সাথে।