যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোচ মেরামত করা হয়েছে। কোরবানি ঈদের জন্য অতিরিক্ত ৫০টি কোচ মেরামত করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। লক্ষ্যমাত্রা ছিল ৪০টি। কিন্তু উত্পাদন হলো ৫০টি। সীমাবদ্ধতা সত্ত্বেও অতিরিক্ত কোচ মেরামত করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এসব কোচের সর্বশেষ চালান গত বুধবার বিকেলে রেলওয়ে পরিবহন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদে ঘরমুখী যাত্রীদের অধিকতর সেবা দিতে এ বছর ৪০টি রেলওয়ে ক্যারেজ (কোচ) মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪০টির। কারখানার নিয়মিত কাজের বাইরে অতিরিক্ত ঐ কোচগুলো মেরামতের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ৪০টির জায়গায় ৫০টি কোচ মেরামত করা সম্ভব হয়েছে। মেরামত হওয়া সর্বশেষ তিনটি কোচ রেলওয়ে পরিবহন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
সরেজমিনে রেলওয়ে কারখানায় গেলে দেখা যায় কারখানার পেইন্টশপে চলছিল রঙের কাজ। ঐ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান জানান, ক্যারেজ শপ, হ্যাভি রিপিয়ারিং শপ, বগি শপের কাজ শেষে তৈরি কোচগুলো পেইন্ট শপে আনা হয়। এখানে চলে কোচগুলোর রঙের কাজ। আমরা ঐ কোচগুলোতে রং করি। এরপর বুঝিয়ে দিই কর্তৃপক্ষকে। পরে তা পরিবহন বিভাগকে দেওয়া হয়।
রেলওয়ে কারখানা সূত্র জানায়, মেরামত হওয়া কোচগুলো রেলওয়ের বিভিন্ন সেকশনে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে জুড়ে দেওয়া হবে। এছাড়া এসব কোচ দিয়ে ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে চলবে দুটি স্পেশাল ট্রেন। যদিও স্পেশাল ট্রেনের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৫টি কোচ এরই মধ্যে মেরামত করা হয়েছে। এ নিয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, লোকবল কম থাকায় আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছি। অতিরিক্ত কোচ মেরামতে সক্ষম হয়েছি। -
