বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে রোববার (২৪ মে) দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে শনিবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুর কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনরা, চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় তিনজন চিকিৎসক আহত হন। লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তা চেয়ে রোববার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তবে কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পড়েনি। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে না। চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে।
বরিশাল কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও বিএম কলেজশিক্ষকদের উপস্থিতিতে বৈঠক করে বিষয়টির সমাধান করা হয়।
