সৌদি যুবরাজের সঙ্গে পম্পেওর আলোচনা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫৩

প্রসঙ্গ সমুদ্র-নিরাপত্তা, ইরান ও ইয়েমেন

এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সমুদ্র-নিরাপত্তা, ইরান ও ইয়েমেন বিষয়ে আলোচনা করেছেন। বুধবার টেলিফোনে তাদের মধ্যে এই আলোচনা হয়।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘মন্ত্রী এ অঞ্চলের চরম উত্তেজনা এবং নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সমুদ্র নিরাপত্তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।’ মুখপাত্র আরো জানান, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক ও সৌদি যুবরাজ ইরান সরকারের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড মোকাবিলাসহ আঞ্চলিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। ওর্তেগাস বলেন, ‘ইয়েমেন বিষয়ে মন্ত্রী ও যুবরাজ দেশটির শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথের প্রচেষ্টার প্রতি তাদের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে গত বছর বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই ওয়াশিংটন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ তেহরানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার এক বছর পর ইরান পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী তাদের কিছু প্রতিশ্রুতি পালন থেকে সরে দাঁড়ায়। ইরান এক মাসের কম সময়ের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উপসাগরীয় জলসীমা থেকে তিনটি ট্যাঙ্কার আটক করেছে। এ অঞ্চলে অবস্থান করা কয়েকটি জাহাজে হামলা চালানোয় যুক্তরাষ্ট্র তেহরানকে দায়ী করে।