ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ায় এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার যে কোনো সময়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করেছে। ভুক্তভোগী ইত্তেফাক সাংবাদিক মোহাম্মদ শাহযাদা ঈদ করতে সপরিবারে গ্রামের বাড়িতে যান। এই ফাঁকে তার ফ্ল্যাটে চুরি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি মধ্য পাইকপাড়ার ১৮৮/১ নম্বর বাড়ির নিচতলার ফ্ল্যাটে সপরিবারে থাকেন। বৃহস্পতিবার সকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিক তার কাছে ফোন করে জানান যে তার ফ্ল্যাটের দরজা বাইরে থেকে খোলা। দরজার হ্যাজবল ভেঙে ফেলেছে। ভিতরে বিভিন্ন কক্ষের সব জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
