বরিশাল বোর্ডে ১৮ শিক্ষার্থীর এইচএসসির ফল রহস্যজনকভাবে স্থগিত

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২১:৫৭

১৭ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হলেও রহস্যজনকভাবে স্থগিত করে রাখা হয়েছে ১৮ শিক্ষার্থীর ফলাফল। একাধিকবার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তেমন গুরুত্ব দিচ্ছে না। আর এতে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই পরিপ্রেক্ষিতে নানা অভিযোগ নিয়ে গতকাল শুক্রবার বেলা ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঐ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক মো. মাহাবুব আলম।

সংবাদ সম্মেলনে এস এম নুরুল কবীর, মির্জা রিমন, বাসু দেব রায়, অনিল রায়, মো. সফিকুল ইসলামসহ সকল অভিভাবক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস জানান, ১৮ পরীক্ষার্থীর ফলাফল স্থগিত যে করা হয়েছে তার কারণ গুরুতর। তারা অসদুপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই বিষয়ে তথ্য প্রমাণাদি আমাদের হাতে এসেছে। এই ১৮ পরীক্ষার্থী বিভাগের বিভিন্ন স্থানে থাকা ১০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে এই ১৮ জনের খাতা একজন পরীক্ষকের হাতে গিয়ে পৌঁছেছে। যেটা বোর্ডের কারো সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি পরীক্ষার্থীকে মারধরের বিষয়ে বলেন, এটা পুরোপুরি মিথ্যা কথা।