ঢাকার কেরানীগঞ্জে পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বাদল হোসেন (২৮) নামে এক ছাগল ব্যবসায়ীকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করেছে এলাকার কয়েকজন যুবক। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে আমিরাবাগ এলাকার মোবারক হোসেনের ছেলে বাদল হোসেন বিক্রির জন্য ৮টি ছাগল আমবাগিচা পশুরহাটে নিয়ে এলে গকুলচর এলাকার কয়েকজন যুবক তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বাদলকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে চোর সাজিয়ে পিটিয়ে আহত করে তারা। পরে বিকালে তার স্বজনরা খবর পেয়ে বাদল হোসেনকে উদ্ধার করে স্থানীয় সাজেদা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: চীন থেকে নিয়ে আসা মশা নিধনের নতুন ওষুধ প্রয়োগ শুরু
এ ঘটনায় শুক্রবার রাতে নিহতে স্ত্রী মেরুনা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি
