ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় রদবদল করেছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনার পর তার নিরাপত্তার স্তর ‘জেড’ ক্যাটিগরি থেকে কমিয়ে ‘ওয়াই’ ক্যাটিগরিতে আনা হয়েছে।
মমতা পরাজিত হওয়ার আগে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ গাঙ্গুলী। এই ধরনের নিরাপত্তায় সাধারণত প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী থাকেন এবং তাদের মধ্যে কমান্ডো ও পাইলট গাড়িও থাকে। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর সৌরভের নিরাপত্তা ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। ‘ওয়াই’ ক্যাটাগরিতে সাধারণত ৩-৪ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকেন, যার মধ্যে ২ জন সশস্ত্র থাকেন। ফলে সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তায় নিয়োজিত কর্মীর সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিল্পপতি, ক্রীড়াবিদ এবং অন্য ভিআইপিদের নিরাপত্তা কিছু সময় অন্তর পুনর্মূল্যায়ন করা হয়। প্রকৃত নিরাপত্তা ঝুঁকি বিচার করেই নিরাপত্তার স্তর নির্ধারণ করা হচ্ছে।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সরকার নিরাপত্তা প্রদান সংক্রান্ত একটি নতুন নীতি গ্রহণ করে। সেই নীতি অনুযায়ী, শুধুমাত্র পদ বা পরিচয়ের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা বহাল রাখা হবে না। বরং সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান নিরাপত্তা ঝুঁকির মূল্যায়নের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে।

