দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে মুখিয়ে আছে টাইগাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে দুই দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, নিজেদের সামর্থ্যের সেরা ক্রিকেট খেলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব বলে মনে করেছেন তিনি। তার বিশ্বাস, সাম্প্রতিক সময়ে দলের বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই যে উন্নতি দেখা গেছে, সেটি কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। মিরাজ বলেন, 'আমরা এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত। উইকেট সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। বোলাররা গত কয়েকটি সিরিজে ভালো করছে, ব্যাটাররাও রান পাচ্ছে। দুই বিভাগের সমন্বয় ঠিক থাকলে ভালো ফল সম্ভব।'
মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রসঙ্গও উঠে আসে অধিনায়কের কথায়। তিনি মনে করেন, এখন মিরপুরকে শুধু স্পিন নির্ভর বা কঠিন ব্যাটিং উইকেট হিসেবে দেখার সুযোগ নেই। ভালো উইকেট তৈরি করা সম্ভব এবং সাম্প্রতিক সিরিজগুলোতে সেটির প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, 'সবার মাইন্ডসেট এমন ছিল-মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই বাজে উইকেট। এরকম না। মিরপুরেও ভালো উইকেট করতে পারি, গত ২-২ সিরিজেও দেখেছি। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলতে। ভালো উইকেটে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস পাওয়া যাবে।'
দলের বর্তমান কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট মিরাজ। অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ের পর নতুনদের মানিয়ে নিতে সময় লাগলেও এখন দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন তিনি। তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও লিটন দাসদের নিয়ে গড়ে ওঠা ব্যাটিং ইউনিট নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেককে নিয়ে মিরাজ বলেন, 'সে দীর্ঘদিন ধরে প্রথম ওয়ানডে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। সুযোগ পেলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।'
তরুণ পেসার নাহিদ রানাকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে গতিময় বোলারদের প্রস্তুত করার পরিকল্পনার কথাও জানান অধিনায়ক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপরও আস্থা রাখছেন তিনি। নাহিদ রানাকে নিয়ে আলাদা মিরাজ বলেন, 'নাহিদ রানার যে পটেনশিয়াল, জোরে বল করতে পারে। ভালো জায়গায় বল করতে পারে। সামনে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। তাই জোরে বল করতে পারা বোলারদের দলে থাকা ইম্পরট্যান্ট। আমরা সেভাবেই ওকে নিয়ে চিন্তা করছি, সাহস দিয়ে ব্যাক করছি।'
অন্যদিকে ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগার অধিনায়কের। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের কথা বিবেচনায় না রাখলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মিরাজ। সিরিজটিতে তিন ম্যাচে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে মাত্র ৩৬ রান। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে সবশেষ নয় ম্যাচের টাইগার অধিনায়কের ব্যাটে দেখা মেলেনি হাফ সেঞ্চুরি, যা নিয়ে হচ্ছে নানান আলোচনা-সমালোচনা। যদিও এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন মিরাজ। উলটো যুক্তি টেনে বলেন, 'প্রথম দিকে তো অনেক সমালোচনা হয়েছে আমার অধিনায়কত্ব নিয়ে। আর ভালো করতে না পারলে সমালোচনা অবশ্যই হবে। এটা আমরা মেনে নিই।'
এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজের আগে শেষ মুহূর্তে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়া সিরিজের আজে অজি কোচের দায়িত্ব ছাড়া কতটা প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে মিরাজ বলেন, 'তিনি শেষ মুহূর্তে বলেছেন। ক্রিকেট বোর্ড তার সঙ্গে আলোচনা করেছে। আমার কাছে মনে হয়, লোকাল যে কোচগুলো আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ। আমার কাছে মনে হয় লোকাল যারাই আছেন, তারাও অনেক যোগ্যতাসম্পন্ন এবং তারা যদি সুযোগটা নিতে পারেন, তাদের জন্য অনেক ভালো হবে।'

