দায়িত্ব নিচ্ছেন না প্যানেল চেয়ারম্যান

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৫

বারহাট্টা ইউপির কাজে স্থবিরতা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্ত হওয়ার পর পদটিতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলেও দায়িত্ব নিচ্ছেন না তিনি।

ফলে এই ইউনিয়ন পরিষদের কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে। কাজের জন্য আগত মানুষ নানাবিধ সমস্যায় পড়ছেন।

নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগে গত ২৮ জুলাই বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, কাজী সাখাওয়াত হোসেন বরখাস্ত হওয়ার পর বারহাট্টা উপজেলা প্রশাসন একই পরিষদের ইউপি সদস্য এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. আল্লাদ মিয়াকে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার জন্য পত্র দেয়। কিন্তু তিনি এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।

আল্লাদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, প্যানেল চেয়ারম্যান মো. আল্লাদ মিয়া দায়িত্ব পত্র নিচ্ছেন না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।