তালায় ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনেক পরিকল্পনাই হতো সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সেই সময়কার বয়ে যাওয়া স্মৃতি নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালা বাজারের ‘দরবার স্তম্ভ’। প্রাচীন এ স্তম্ভটির নিচের দিকে ২ দশমিক ৮ মিটার বেড়, ক্রমশ সরু হয়ে উপরের দিকে উঠেছে ৩ দশমিক ৭ মিটার উচ্চতায়। পুরোপুরি ইটের তৈরি গোল স্তম্ভটির মাথার ওপর একটি বড় কলস, তার ওপর আরেকটি ছোট কলসের চিহ্ন দেখা যায়। ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা এলে তা উদযাপনে এই স্তম্ভ স্থাপন করে তত্কালীন ব্রিটিশ বিরোধী সংগঠক ও রাজনীতিক রাজকুমার বসু। খুলনা-পাইকগাছা সড়কের পাশে নির্মিত দরবার স্তম্ভের সেই লাল ইটের চিহ্ন আজ অনেকটাই বিলীনের পথে। এছাড়া স্তম্ভের আশপাশে গড়ে উঠেছে অবৈধ দোকান-পাট।