ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা নেই

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৭

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর শনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। প্রতিদিন প্রায় ৩০০ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসেন। এর মধ্যে অনেকে আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য দেখা যায় আইজিজি, আইজিএম, এইচসিটি, এনএসওয়ান এবং প্লাটিলেট কাউন্ট করার পরীক্ষার কোনোটি হচ্ছে না এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলায় সরকারি হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেও নেই ডেঙ্গু জ্বর পরীক্ষা করার তেমন কোনো ব্যবস্থা এতে ভুক্তভোগী রোগীরা বরিশাল জেলার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাচ্ছেন। ফলশ্রুতিতে রোগীদের ভোগান্তি এখন চরম পর্যায়।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান শাহিন জানান, ডেঙ্গু জ্বর পরীক্ষার বিষয়ে সিভিল সার্জন অফিসারের কাছে চাহিদা পাঠালে মাত্র ১০টি এনএসওয়ান পেয়েছি। যা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। চৌদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা মিলিয়ে বাকেরগঞ্জ উপজেলা, এখানে এত কম সংখ্যক এনএসওয়ান দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। তাই রোগীদের অবস্থা স্টেপ-৩ তে পৌঁছালে অর্থাত্ ইন্টারনাল হেমোরেইজ হওয়ার ঝুঁকি থাকে প্রেসার কমতে থাকে।