জুলাই বিপ্লবের পর গঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)–এর অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ দুই বছরেও পুনর্গঠন করা হয়নি। এ অবস্থায় বোর্ড পুনর্গঠন ছাড়া নতুন করে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের শুনানি আজ বুধবার (১০ জুন) হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জুলাই বিপ্লবের পর ইউসিবিতে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে। ওই বোর্ডে দুজন শেয়ারহোল্ডার পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বোর্ড পুনর্গঠনের কথা জানিয়েছিল। তবে এর মধ্যে দুই বছর পার হলেও বোর্ড পুনর্গঠন হয়নি। এ সময়ে একবার এজিএম অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল আবারও এজিএম ডাকা হয়েছে।
বোর্ড পুনর্গঠন ছাড়া এজিএম আহ্বান করায় ব্যাংকটির একজন শেয়ারহোল্ডার শওকত আজিজ রাসেল হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বোর্ড পুনর্গঠন না হওয়া পর্যন্ত এজিএমের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন বোর্ড পুনর্গঠনে উদ্যোগ না নিয়ে দায়িত্ব দীর্ঘায়িত করছে, যা শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

