খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নির্মম প্রহসন করছে :তথ্যমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:১১

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিত্সা নিয়ে বিএনপি রাজনীতি করতে গিয়ে বিষয়টিকে নির্মম প্রহসনে পরিণত করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিত্সা নিয়ে অপরাজনীতি করেই যাচ্ছে। বাস্তবে সরকার তার সুচিকিত্সা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ (বিএএমপিএল) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে। বিএএমপিএল-এর সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও বিএএমপিএল সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম।

হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া দেশের সর্বোত্তম মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) চিকিত্সা নিচ্ছেন। এখন বিএনপি নেতৃবৃন্দ দাবি করছেন যে বেগম জিয়া খুবই অসুস্থ। অথচ বাস্তবতা হচ্ছে তিনি শুধু কাশির সমস্যায় ভুগছেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার পা ও কোমরের ব্যথা বার্ধক্যজনিত স্বাস্থ্য জটিলতা। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ভুলভাবে উপস্থাপন করে এটাকে নতুন সমস্যা হিসেবে দেখাচ্ছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া পায়ে ও কোমরে ব্যথা নিয়ে দুই দফা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।’ তিনি বলেন, জেলখানায় এক জন চিকিত্সক, এক জন নার্স ও এক জন গৃহকর্মী সর্বক্ষণ তার দেখভাল করছেন। দক্ষিণ এশিয়ার আর কেউ কোনো জেলখানায় তার মতো সুযোগ পাচ্ছে না। অথচ তা সত্ত্বেও বিএনপি নেতারা নির্জলা মিথ্যা বলেই যাচ্ছেন।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এসব সিদ্ধান্তই বাঙালি জাতির উত্থানের সঙ্গে সম্পর্কিত। বঙ্গমাতা সঠিক সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধুকে সব সময় সাহায্য করেছেন।