শিক্ষক, প্রকৌশলী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামসুর রহমান শরীফকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদীর সভাপতি ও প্রধান শিক্ষক জানান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বিগত চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরদী ও আঘোড়িয়ায় শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন তারই হাত দিয়ে হয়েছে। এ জন্য এলাকার শিক্ষকরা তার প্রতি কৃতজ্ঞ।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন জানান, আওয়ামী লীগের জেলা সভাপতি ও ভূমিমন্ত্রীর নৌকা প্রতীকের জন্য আমরা শিক্ষকরা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ঈশ্বরদী শাখার সভাপতি আনিসুর রহমান জানান, ঈশ্বরদীতে এমন কোনো রাস্তা নেই যেটি কাঁচা। বিগত সময়ে এখানে অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে কারণে উন্নয়নের এই ধারা বজায় রাখতে হবে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ জানান, হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের গর্ব মন্ত্রী শরীফকে আবারো বিজয়ী করতে আমরা কৃষকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছি।
মুক্তিযোদ্ধা সংসদের গোলাম মোস্তফা চান্না মণ্ডল বলেন, আমরা গর্বিত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফকে আবারো মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিজয় নিশ্চিত করতে আমরা নির্বাচনের মাঠে কাজ করব।
