মদ ব্যবসায়ীরা বেপরোয়া
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে চোলাই মদ ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ীর একটি শক্তিশালী গ্রুপ বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড় হয়ে প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। কিছু কিছু মদ ব্যবসায়ী গ্রেফতার হলেও জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ার কারণে রাঘববোয়ালদের ধরা যাচ্ছে না। মদ ব্যবসায়ী চক্র সম্পর্কে এমনই অভিযোগ করেছেন জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ অভিযোগ করেন।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জেলার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশ সুপার বলেন, এক শ্রেণির লোক ঈদ, পূজা ও কিছু কিছু অনুষ্ঠানে মদপান করে মাতলামি করে থাকে। জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ার কারণে চোলাই মদসহ পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। পুলিশের অভিযানে যাওয়ার খবর আগেই পেয়ে তারা পালিয়ে যায়। এলাকার জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে চোলাই মদ ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হবে।
পুলিশ সুপার আরো বলেন, চট্টগ্রাম জেলায় এবার ২২৮টি গবাদি পশুর হাট, ৩০৮৮টি ঈদ জামাত, ১৪টি পর্যটন কেন্দ্রের নিরাপত্তা এবং চামড়া পাচার রোধকল্পে চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় ৩ হাজার অফিসার-ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের বিশেষ টিম মোটরসাইকেল নিয়ে এলাকায় টহল জোরদার করবে। ঈদকে ঘিরে কোথাও কোনো ধরনের নাশকতা পরিকল্পনার খবর পাওয়া গেলে তাত্ক্ষণিক পুলিশকে জানাতে হবে। ঈদ জামাতের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ঈদগাহের প্রবেশপথে আর্চওয়ে গেট স্থাপন ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশিসহ স্বেচ্ছাসেবক নিয়োগ ও জঙ্গিগোষ্ঠীর নাশকতা রোধকল্পে গোয়েন্দা নজরদারি থাকবে।
