ডেঙ্গু প্রতিরোধে নৌবাহিনীর স্কুল-কলেজগুলোতে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর বিভিন্ন স্কুলকলেজগুলোতে পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকাস্থ বিএন স্কুল এন্ড কলেজ এবং নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। পরে সকলেই শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করে। নৌবাহিনীর সকল জাহাজ, ঘাঁটি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

ইতিমধ্যেই চট্টগ্রাম নৌঅঞ্চলের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, কাপ্তাইস্থ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর ব্যবস্থাপনায় স্থানীয় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। পাশাপাশি এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে নৌবাহিনীর মেডিক্যাল টিম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বিষয়টির ভয়াবহতা বিবেচনায় প্রতিটি নৌঅঞ্চলে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধকল্পে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল নৌঅঞ্চলে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।