জুম্মনকে প্রকাশ্যে পিটিয়ে মারল মাদক ব্যবসায়ীরা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৪৫

ফতুল্লায় প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের পিটুনিতে জুম্মন নামে আরেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুম্মন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ অন্তত ৫টি মামলা রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়ির সামনে জুম্মন দাঁড়িয়ে ছিলো। এ সময় একই এলাকার কালু মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ লোহার সাবল দিয়ে তাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। এ সময় মারুফের সঙ্গে যোগ দেয় আরও ৫/৭জন। এরপর সকলে মিলে প্রকাশ্যে তাকে মারতে থাকে। 

তখন আশপাশের লোকজন ছুটে এসে জুম্মনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কাল ঈদ পালন করবে দক্ষিণ চট্রগ্রামের ৬০ গ্রামের মানুষ

ঘটনাস্থল থেকে ফিরে ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, মাদক ব্যবসার বিরোধের জেরে কয়েকজন মিলে জুম্মনকে পিটিয়ে হত্যা করেছে। মৃতদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, হত্যাকারীরা সকলেই মাদক ব্যবসায়ী। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/অনি