এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০ শিক্ষার্থীর জন্য এক জন কক্ষ পরিদর্শক, পাঁচ-ছয় ফুট বেঞ্চে বসবে দুই জন

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:২৮

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য এক জন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুই জন দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বেঞ্চের দৈর্ঘ্য অনুযায়ী আসন নির্ধারণ করে দেওয়া হয়েছে, ৫ বা ৬ ফুট দীর্ঘ বেঞ্চে দুই জন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত (সেশন ২০২৪-২০২৫) পরীক্ষার্থীরা ২০২৬ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন (সেশন ২০২৩-২০২৪ ও তত্পূর্বের) পরীক্ষার্থীরা ২০২৫ সালের অনুমোদিত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। প্রশ্নপত্র তারিখ ও সেটভিত্তিক নিরাপত্তা খামে সংরক্ষণ এবং খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্ধারিত প্রশ্নপত্র গ্রহণ করে ট্যাগ অফিসার ও পুলিশের প্রহরায় কেন্দ্রে আনতে হবে। মোবাইল ফোনে সেট কোড পাওয়ার পর সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্যাকেট খুলতে হবে এবং অব্যবহূত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত ঘড়ি ছাড়া অন্য কোনো ঘড়ি কেন্দ্রে নিতে পারবে না।

ইত্তেফাক/এনএন