আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তরুণের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৬, ২১:২০

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ জুন) তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যান রামহরি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

ইত্তেফাক/এসজেএস