শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ কম

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১১:৫২

দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ঈদে ঘরে ফেরা মানুষ কিছুটা স্বস্তিতে পারাপার হচ্ছে। তবে বাসে ও স্পিড বোটে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ রয়েছে। 

 

যাত্রীরা অভিযোগ করেন, ঢাকা থেকে শিমুলিয়া পর্যন্ত বাসে ৭০ টাকার স্থলে ১৫০ টাকা এবং স্পিডবোটে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ১৮০ টাকার স্থলে তার কাছ থেকে ২শ’ টাকা আদায় করা হয়েছে। 

 

রবিবার সকাল থেকেই এ নৌ-রুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী। 

 

তিনি জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় শতাধিক গাড়ি রয়েছে। তবে এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি। অন্যদিনের তুলনায় যানবাহনের চাপ কম। সকাল থেকে আবহাওয়া ফেরি চলাচলের জন উপযোগী রয়েছে। এ রকম আবহাওয়া থাকলে গাড়ির চাপ কমে আসবে। 

আরো পড়ুন : শেষ দিনেও উপচে পড়া ভিড়, ভোগান্তিতে ঈদযাত্রা

বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকে লঞ্চঘাট ও সিবোট ঘাটে যাত্রীদের কিছুটা চাপ দেখা গেছে। ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে লঞ্চ চলাচল করে থাকে। শিমুলিয়া ঘাট থেকে ৮৮টি লঞ্চ ও প্রায় ৩৫০ সিবোট দিয়ে যাত্রী পারাপার করছে। 

 

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান, ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ শতাধিক সদস্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও বেশি যাত্রী বহনের ব্যাপারে তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি