দুই দলের সমর্থকরা একসঙ্গে লাগিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার শত শত পতাকা

আপডেট : ১৭ জুন ২০২৬, ১৬:১০

বিশ্বজুড়ে বিরাজ করছে ফুটবল উন্মাদনা। নওগাঁর রাণীনগর উপজেলার ছোট গ্রাম আমগ্রামের বাসিন্দারা সেই উন্মাদনায় পিছিয়ে নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসার জানান দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই গ্রামের ফুটবল ভক্তরা। দুই দলের সমর্থকরা মিলে একসঙ্গে লাগিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার শত শত পতাকা।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা যেখানে নিজেদের শক্তির জানান দিয়ে প্রতিনিয়ত হাস্যরসে কিংবা তর্ক-বিতর্কে মেতে থাকেন; সেখানে একসঙ্গে পতাকা লাগানোর ঘটনাটি সুনাম কুড়িয়েছে গ্রামজুড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ওই গ্রামের রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সারি সারি পতাকা। উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়ক থেকে আমগ্রামে প্রবেশের প্রায় এক কিলোমিটার গ্রামীণ রাস্তাজুড়ে ওই গ্রামের ব্রাজিল ও আর্জেটিনা ফটুবল দলের সমর্থকরা গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় নিয়ে শত শত পতাকা স্থাপন করেছে। এমন ব্যতিক্রমী কাজের সুবাদে বর্তমানে ওই গ্রামটি ভাইরাল গ্রামে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা রাস্তার ওই পতাকার সারি দেখতে আসছেন ছবি তুলছেন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

আমগ্রামের আর্জেটিনা ফুটবল দলের সমর্থক ও রাস্তার দুই পাশে পতাকা স্থাপন করার কাজের অন্যতম উদ্যোক্তা নূর মোহাম্মদ জানান ফুটবল খেলা মানেই ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দল। বাংলাদেশে এই দুই দলের ভক্ত বেশি। তাদের গ্রামে ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দলের সমর্থক বেশি। গ্রামের খেলাপ্রেমী মানুষরা বহুবছর ধরে একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করে আসছেন। এবারের বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামের ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের সমর্থকরা ভিন্ন কিছু করার প্রয়াস থেকে মূলত এমন নেওয়া হয়েছে। আগামীতেও এই ধরণের ভিন্ন ভিন্ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জানায় এই আর্জেটিনা ভক্ত।

গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান যুবক ছেলেদের এমন ভিন্নধর্মী কাজকে গ্রামের সবাই সমর্থন দিয়েছে। কেউ কেউ সহযোগিতাও করছে। মাঝেমধ্যে রাতের আঁধারে দুষ্ট মানুষরা এসে রাস্তার পাশে থাকা পতাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবার গ্রামের ছেলেরা চুরি যাওয়া স্থানগুলোতে নতুন করে পতাকা স্থাপন করছে এবং পতাকাগুলোর সৌন্দর্য রক্ষার্থে গ্রামের সবাই একসঙ্গে কাজ করছে।

গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা আব্দুস সামাদ বলেন, আগের সময়ে আমরা টিভি ভাড়া করে এনে গ্রামের সবাই একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতাম। আর এখন প্রতিটি বাড়ি ও মোড়ের দোকানগুলোতে টিভি আছে। পাশাপাশি বড় পর্দায় সবাই মিলে একসঙ্গে মজা করে বিশ্বকাপ ফুটবল খেলাগুলো দেখা হচ্ছে। আর গ্রামের যুবক ছেলেদের এমন ভিন্নধর্মী কাজ সত্যিই গ্রামের সৌন্দর্য বাড়িয়েছে। প্রতিদিনই গ্রামের রাস্তার দুই পাশের পতাকার সারি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসছে।

পতাকার সারি দেখতে আসা দর্শনার্থী ও গণমাধ্যমকর্মী শাহিন ইসলাম, মোমিনুল ইসলামসহ আরও অনেকেই জানান গ্রামীণ রাস্তার দুই পাশ দিয়ে ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের পতাকা স্থাপন করার কাজ সত্যিই এক ভিন্ন ও ব্যতিক্রমধর্মী কাজ হয়েছে। ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দলের ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি কতটা দুর্বল এমন ব্যতিক্রমী কাজই তা প্রমাণ করে দেয়। এছাড়া প্রিয়দলের শুভকামনা করে বড় বড় পোস্টারও চোখে পড়ার মতো।

ইত্তেফাক/এপি