কুড়িগ্রাম-২ আসনে ফুলবাড়ীর ১২টি ভোট কেন্দ্রে বিদ্যুত্ সংযোগ নেই

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে কাজ করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণ কেন্দ্রগুলোর অবস্থা নিয়ে দফায় দফায় চিঠি চালাচালি করছেন নিয়মিতভাবে। স্থানীয় প্রশাসন রাস্তা-ঘাটের পরিস্থিতি ও ভোট কেন্দ্রে বিদ্যুত্ সংযোগ আছে কি-না তা জানিয়ে সচিত্র প্রতিবেদন পাঠিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে। এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে ফুলবাড়ী উপজেলার ৫০টি ভোট কেন্দ্র থাকলেও গ্রহণের জন্য ১২টি ভোট কেন্দ্রে বিদ্যুতের কোনো সংযোগ পাওয়া যায়নি। এ সব ভোট কেন্দ্রে মোমবাতি ও হ্যারিকেনের আলোতে ভোট গণনা ও ফলাফল নিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে বিদ্যুিবহীন কেন্দ্রগুলোর পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে প্রশাসন বলছেন এবার সোলার প্যানেলের ব্যবস্থা করা হবে বিদ্যুত্ সংযোগ না থাকা ভোট কেন্দ্রগুলোতে।

উপজেলা নির্বাচন অফিস জানায়, এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫০টি। দাসিয়ারছড়াসহ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪১১ জন। পুরুষ ভোটার ৬২ হাজার ৩০১ জন ও মহিলা ভোটার ৬৪ হাজার ১১০ জন। 

কুড়িগ্রাম-২ আসনে ফুলবাড়ী উপজেলায় বিদ্যুিবহীন ১২টি ভোট কেন্দ্র হচ্ছে, চর গোরুকমণ্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাতারী সরকারি প্রথমিক বিদ্যালয়, মধ্য যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুটিচন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোগাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী একজন প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোট গণনার সময় পর্যাপ্ত আলো না থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে। ভোট গণনার সময় প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের চারপাশে উত্তেজনায় থাকে। তখন ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে ব্যস্ত থাকতে হয়। সে কারণে কেন্দ্রের ভিতর ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে প্রিজাইডিং কর্মকর্তাদের অনেক সুবিধা হয়। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বে আলী মুসা জানান, আমার ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই। সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বলেন, যে সব ভোট কেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই। এ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটের আগেই আলোর ব্যবস্থা করা হবে। যেখানে কেন্দ্রে বিদ্যুত্ সংযোগের কোনো ব্যবস্থা নেই, সেখানে দ্রুত সময়ের মধ্যেই সোল্যার প্যানেলের ব্যবস্থা করা হবে। আশা রাখি ওই সব ভোট কেন্দ্রে কোনো অসুবিধা হবে না।