সম্প্রতি খাগড়াছড়ির রামগড়ে সংঘটিত ডাকাতি ও চুরির মামলার চারজন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশ মডেল প্রাইমারি স্কুলের চুরি যাওয়া ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।
জানা যায়, গত শনিবার (৩ আগস্ট) রামগড় পৌরসভার পূর্ব চৌধুরি পাড়ায় ইজিবাইক চালক মফিজুর রহমান ও কালাডেবায় সিরাজ কোম্পানির বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় মফিজসহ তিনজন আহত হন। দুইটি বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা।
এ ঘটনার পরদিন গত রবিবার (৪ আগস্ট) পৌর শহরের উপকণ্ঠে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের তালা ভেঙ্গে দুটি ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরি করা হয়। এভাবে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ জানায়, গত শনিবার (১০ আগস্ট) রাতে ডাকাতির ঘটনায় আবু বকর ছিদ্দিক নামে একজনকে গ্রেফতার করা হয়। সে রামগড়ের দক্ষিণ লামকুপাড়ার (থানা চন্দ্রপাড়া) বাসিন্দা মো. শামছুল হকের ছেলে।
রামগড় থানার এসআই তুষ্ট লাল বিশ্বাস জানান, আসামিকে রবিবার খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এই মামলায় বৈদ্যটিলার আব্দুল করিমের ছেলে মো. আমিন (২৮) বর্তমানে কারাগারে আছেন।
এদিকে, শনিবার (১০ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া দুটি ল্যাপটপসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রামগড়ের দারোগা পাড়ার বাসিন্দা আহম্মদ উল্লাহর ছেলে মো. অন্তর (১৮), ফেনীর কূলের বেলাল হোসেনের ছেলে আব্দুল গণি রুবেল (১৯) ও ফেনী সদরের মধ্যম চাড়িপুরের দানুমিজি বাড়ির ফজলুল হকের ছেলে আল মামুন উদ্দিন টিপু (৩০)।
রামগড় থানার এসআই মো. জাহাঙ্গীর আলম ও এসআই অজয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে রামগড়, ফেনী ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসআই জাহাঙ্গীর জানান, শনিবার সন্ধ্যায় রামগড় শহর থেকে রুবেলকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ফেনী সদরের চাড়িপুরের বাসা থেকে শনিবার রাতেই মামুন উদ্দিন টিপুকে আটক করা হয। পুলিশ তার ঘর তল্লাশি করে দুটি চোরাই ল্যাপটপ, দুটি চার্জার, একটি স্পিকার ও ল্যাপটপের দুটি ব্যাগ উদ্ধার করে। পুলিশ জানায়, রুবেল ও টিপুকে সঙ্গে নিয়ে শনিবার রাতেই কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে অন্তরের মায়ের দ্বিতীয় স্বামীর বাসা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন মৃত্যুঞ্জয়ি
পুলিশ জানায়, অন্তর ও রুবেল মডেল প্রাইমারি স্কুলে চুরি করে। তাদের কাছ থেকে ফেনীর টিপু দুই হাজার টাকায় ল্যাপটপ ও স্পিকার কিনে নেয়। সে তাদের পূর্ব পরিচিত। রুবেল ও অন্তর রামগড় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনেও চুরি করেছে। আটককৃতদের মডেল স্কুল ও ইউএনওর বাস ভবন চুরি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান জানান, ডাকাতি ও চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিরা শীঘ্রই ধরা পড়বে।
ইত্তেফাক/অনি
