বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ’র ১০ বছর আগেও সঞ্চয় বলতে এক টাকাও ছিল না। ১০ বছরে তিনি এখন কোটিপতি। এক দশক আগে শ্যালক, ভাই ও বাবার দানের টাকায় নির্বাচন করেছিলেন। ছিল না গাড়ি বা বাড়ি। বাহন বলতে ছিল মোটরসাইকেল। আর এখন ল্যান্ডক্রুজার গাড়ি, ব্যাংকে গচ্ছিত অর্ধকোটি টাকা এবং পকেটে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র।
বগুড়া-২ আসনে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ বিপুল ভোটে হেরে যান। ২০১৪ সালের একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। এবারও তিনি মহা ঐক্যজোটের প্রার্থী। তার সঙ্গে ধানের শীষ নিয়ে লড়বেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে শরিফুল ইসলাম জিন্নাহ’র দাখিল করা হলফনামায় দেখা গেছে, ১০ বছর আগে স্থাবর-অস্থাবর মিলে তার সম্পদ ছিল ১৯ লাখ ২২ হাজার টাকার। এখন এই সম্পদ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকে আছে আরো অর্ধকোটি টাকা। সম্পদ বেড়েছে পাঁচগুণ। তবে এখনও নিজের কোনো ফ্ল্যাট নেই, স্ত্রী মোহসিনা আকতারের বাড়িতে থাকেন। স্ত্রীর সম্পদও বেড়েছে দ্বিগুণ।
