লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:২৩

দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। খবর দ্য ডনের।

রোববার (২২ জুন) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাসহ সব ইসরাইলি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন অব্যাহত রাখা হবে। এ সিদ্ধান্ত থেকে ইসরাইলকে কেউ সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইসরাইলি বাহিনীর কার্যক্রমের ওপর কোনো বিধিনিষেধ নেই। তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাধীন।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরদিন শনিবার ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তারাও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

অন্যদিকে দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেন, সংঘর্ষে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে সংগঠনটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। হিজবুল্লাহকে পুনর্গঠনের সুযোগ না দিতে এবং প্রয়োজন হলে নতুন করে অভিযান চালাতে ইসরাইল প্রস্তুত বলেও জানান তিনি।

ইত্তেফাক/আইএ