একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২২:২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ও সন্ধ্যায় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা নামক এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হন।
 
নিহতরা হলেন, আবু তাহের (৭০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার ফতেহপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। অপরজন রেজিয়া বেগম (৪৫)। তিনি কুমিল্লা জেলার মেঘনা থানার লোটেরচর এলাকার মো. রহমান মিয়া বেপারীর স্ত্রী।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জতিন ভক্ত জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে নিহত রেজিয়া বেগম মেয়ের বাড়িতে কোরবানির মাংস দিয়ে নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। পথে ভাটেরচর নতুন রাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী তিশা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৩৪) নামক যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয়ে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত, নিবৃত্ত করতে পুলিশের গুলি

অপরদিকে একই স্থানে সোমবার বিকেলে গাড়ির চাপায় আবু তাহের নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ইত্তেফাক/অনি