ভোলার লালমোহনে সেতু ভেঙে একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এসময় ট্রাক চালকের সহযোগী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোড এলাকার বেতুয়া খালের উপর নির্মিত সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক হলেন, রমাগঞ্জ ইউনিয়নের চতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে নাঈম (২৫)। আহত চালকের সহযোগী আল আমিন (১৪)।
স্থানীয়রা জানিয়েছেন, বালুবাহী ট্রাকটি চতলা বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ট্রাকচালক নাঈমকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

