শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২৬, ১৩:২২

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনা মেনে চলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

 
ইত্তেফাক/এনটিএম