এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৪ জুন ২০২৬, ২৩:১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ইঞ্জিন বিকল হওয়া এবং বগি লাইনচ্যুত হওয়ার পৃথক দুটি ঘটনায় চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেটসহ একাধিক রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুণবতী ও হাসানপুর স্টেশন এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর স্টেশনের কাছে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনের ‘আপ’ লাইনে চলাচল বন্ধ হয়ে যায়। সোনার বাংলা এক্সপ্রেস আটকা পড়ার খবর পেয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনটিকে ‘ডাউন’ লাইন দিয়ে গুণবতী থেকে হাসানপুরের দিকে যাওয়ার সংকেত দেওয়া হয়। কিন্তু পথিমধ্যে মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে পড়ে যায়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনার বাংলা এক্সপ্রেস আপলাইনে আটকা পড়ার পর মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে হাসানপুরের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথে মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় এখন উভয় লাইনেই ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরমুখী সব ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়ে পড়েছে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে। রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল হওয়া ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো সরাতে চট্টগ্রাম থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এনএন