প্রকাশ্যে যুবক-যুবতী অপহরণ, আটক ২

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:০৪

ঠাকুরগাঁওয়ে প্রকাশ্যে যুবক-যুবতীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে হিরু বিশ্বাস (১৮) ও মোহাম্মদ ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। 

আটক হিরু বিশ্বাস শহরের আশ্রমপাড়া মহল্লার গৌর বিশ্বাসের ছেলে ও অটোচালক মোহাম্মদ ইসলাম শহরের কলেজপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে।
 
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রশেয়া গ্রাম থেকে যুবক-যুবতী ঠাকুরগাঁও শহরের বড়মাঠে ঘুরতে আসেন। 

তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে চটপটি-ফুসকা খেয়ে বাড়ি ফিরতে একটি অটোরিকশায় ওঠেন। এ সময় আরেকটি অটোরিকশায় হিরু, অটোচালক ইসলামসহ পাঁচজন এসে অতর্কিত হামলা করে তাদের অটোরিকশায় জোর করে তোলে। 

এ সময় তাদের ভয় দেখিয়ে অপহরণের উদ্দেশ্যে শহরের ওপর দিয়ে প্রকাশ্যে নিয়ে যায়। এ সময় তারা চিৎকার করলে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে স্থানীয়রা ওই অটোরিকশাটি থামায়। আটকে ফেলে হিরু ও মোহাম্মদ ইসলামকে।  এ সময় অন্য ৩ অপহরণকারী পালিয়ে যায়। 

আরও পড়ুন: আছাদুজ্জামান মিয়াকে আরও এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে থানায় নিয়ে আসে।  

ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, অপহরণে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/অনি