জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:৩৪

সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অধ্যাপক ড. শাহ জে. মিয়া, সাধারণ সম্পাদক পদে রওশন কামাল জেমস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

বনানীতে অবস্থিত ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর মিলনায়তনে আয়োজিত এই সভায় বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

সভার শুরুতেই সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর সদস্যদের সর্বসম্মতিক্রমে ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, মূলত সংগঠনকে একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতেই গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে।

গঠনতন্ত্র পাসের পরপরই পুরনো কমিটির দায়িত্ব পুনর্বণ্টন করে নতুন কমিটি সাজানো হয়। আইসিটি খাতে কর্মরত পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের নিয়ে ফোরামের কার্যক্রম আরও কার্যকর করতে কমিটিতে নতুন বেশ কয়েকজন যোগ্য ও সক্রিয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দেশজুড়ে তথ্যপ্রযুক্তি খাতের আগ্রহী ব্যক্তিদের সংগঠনে যুক্ত করার সুযোগ তৈরি করতে সাধারণ সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয় ওই সভায়।

সাধারণ সভায় উপস্থিত বক্তারা জানান, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে এই ফোরাম প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি গৃহিত কর্মসূচিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ইত্তেফাক/এনএন