ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। সফরকারী অস্ট্রেলিয়ার বিপেক্ষ আজ লর্ডসে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর এমন সিদ্ধান্ত নেন আলী। টেস্টে সম্প্রতি বাজে সময় কাটাচ্ছেন তিনি। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য আলীর পরিবর্তে লর্ডস টেস্টে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার সমারসেটের জ্যাক লিচ। কাউন্টি দল উস্টারশায়ার জানিয়েছে তাদের খেলোয়াড় আলী ‘খেলা থেকে কিছুদিন বিরতি নেবেন।’ উস্টারশায়ার কোচ অ্যালেক্স গিডম্যান ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে মঙ্গলবার বলেন, ‘মো নিজকে রিচার্জ করার জন্য কিছুদিন খেলার বাইরে থাকবেন এবং নিজের প্রয়োজন মতো অনুশীলনে কিছু সময় ব্যয় করবেন, যার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
