অল্পের জন্য হারল প্রতিবন্ধী দল

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:২৭

প্রথম পর্বের চার ম্যাচের তিনটি হারের পরও অদ্ভূত সমীকরণে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে ছিল নিভুনিভু করে। তবে ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারের মধ্যদিয়ে পাঁচ জাতির এই টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

দুপুরে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। এর মধ্যে অতিরিক্ত থেকে আসে ১৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান মো. ইমরান প্রথম বলে বোল্ড হয়ে ফিরে আসেন। শেষ ওভারে দলের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। মনির হোসেনের একটি চারে এগিয়ে যায় দল। এরপর সীমানার একেবারে প্রান্ত থেকে ধরা ক্যাচে আউট হয়ে যান মনির। বাংলাদেশ হেরে যায় ছয় রানে। মনির হোসেনের ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৪ বলে ২২ রান।

এর আগে সকালে টানটান উত্তেজনার আরেকটি ম্যাচে ভারত পাকিস্তানকে হারায়। এর মাধ্যমে প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়ে ভারত পৌঁছে যায় ফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

এই ফলাফলের কারণে সেমিফাইনালের দল নির্বাচনে তাকিয়ে থাকতে হয় শেষ এই ম্যাচের দিকে। এই ম্যাচে জয়ের পর ইংল্যান্ড নিশ্চিত করে তাদের সেমিফাইনাল।-বিডি নিউজ