কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী "সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ জুন সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই জাতীয় পর্যায়ের আয়োজনের প্রথম দুই দিনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আজ, ২৭ জুন, রাজধানীর ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।
দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-সহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, আলোচনা, কূটনৈতিক আলোচনা প্রক্রিয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে তাদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জনসমক্ষে বক্তব্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন।
সমাপনী অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মডেল ইউনাইটেড নেশন্স-এর মতো প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
সম্মেলনটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান, নেসলে বাংলাদেশ পিএলসি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

