বালাগঞ্জে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে নিজ বাড়িতে প্রতিবেশী বখাটেরা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে। ধর্ষণে জড়িত বখাটেদের ফাঁসির দাবিতে দেওয়ানবাজার ইউনিয়নের সর্বস্তরের নাগরিক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদরাসাবাজার-মোরার বাজার সড়কের উপরে প্রায় দুই সহস্রাধিক লোকের অংশগ্রহণে বিশাল এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৫টি সামাজিক সংগঠন ও ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, জামেয়া ইসলামিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মুছলেহ উদ্দিন রাজু, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মস্তফা মিয়া, দেওয়ানবাজার হাই এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, আব্দুল গফুর শিশু বিদ্যা নিকেতনের পরিচালক আফম শামীম প্রমুখ।