নারায়ণগঞ্জে গাড়ির চাকার দোকানে বিস্ফোরণ, যুবক আহত

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার দোকানের ভলকানাইজ (বাতাসের) ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলের আশপাশে থাকা অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশে থাকা একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়।

এ ঘটনায় রবিউল নামে এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের একটি চাকার দোকানে থাকা ভলকানাইজ ট্যাংকটি হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পাশের ‘বিসমিল্লাহ হোটেলের’ একটি সিমেন্টের খুঁটি ভেঙে যায়। এছাড়া চাকার দোকানসংলগ্ন আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে পার্কিং করা একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়। এ সময় বিসমিল্লাহ হোটেলের কর্মচারী রবিউল (২২) মাথায় আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-বারাকা হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউলের বাড়ি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি