গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ রিতা আক্তারকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে তার কলেজের সহপাঠীরা মানববন্ধন করেছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ গেইট পর্যন্ত দাঁড়িয়ে এক ঘণ্টা মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, রিতা হত্যার চারদিন পেরিয়ে গেলেও হত্যার মূল আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শ্রীপুর থানার পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
