কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:১১

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক আর্জেন্টিনা সমর্থক।

শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই সমর্থকের নাম নিরব। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিরব প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন। 

পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে ঘোষণা দিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার কথা জানান।

এই ঘটনার একটি ভিডিও ও ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 

কেউ এটিকে ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ মজার ঘটনা হিসেবে দেখছেন।

নিরব জানান, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসলাম। কিন্তু খেলায় আর্জেন্টিনা দলের পারফরম্যান্স দেখে হতাশ হয়ে পড়ি। তাই ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের করার ঘোষণা দিয়েছি। 

এদিকে, একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম জানান, ফুটবল একটি খেলা মাত্র। এটিকে আমাদের উপভোগ করা উচিত। যিনি এই কাজ করেছেন সে আর্জেন্টিনার পিওর সমর্থক না। খেলা না বুঝেই সে এই কাজ করেছে।

তবে নিরবের এমন সিদ্ধান্ত স্থায়ী নাকি সাময়িক আবেগের বহিঃপ্রকাশ—তা নিয়ে ওই এলাকার আর্জেন্টিনা সমর্থক গুষ্টির মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা।

ইত্তেফাক/ পিএস