এটিএন নিউজে ‘নির্মাণ রসায়ন’ অনুষ্ঠানের সিজন টু শুরু হচ্ছে শনিবার

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:৩৭

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে প্রচারিত স্থাপত্য ও নির্মাণ বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘নির্মাণ রসায়ন’-এর সিজন টু শুরু হচ্ছে আজ শনিবার (৪ জুলাই)।

রাত সাড়ে ৯টায় এটিএন নিউজের পর্দায় অনুষ্ঠানটির এবারের সিজনের প্রথম পর্ব প্রচার করা হবে। আয়োজনটি নিবেদন করছে দেশের প্রথম এনএসএফ সার্টিফায়েড ব্র্যান্ড স্বজন গ্রুপ—স্বজন সিপিভিসি।

এর আগে ২০২৩ সালের ১৮ মার্চ নির্মাণ রসায়ন অনুষ্ঠানের সর্বপ্রথম পর্ব প্রচারিত হয়। এরপর তিনবছর ধরে ধারাবাহিকভাবে প্রচার করা হয় ১৫০টি পর্ব। স্থাপত্য ও নির্মাণের খুঁটিনাটি, এর সঙ্গে পরিবেশের সম্পর্কের নানা দিক এবং জটিল সব কারিগরি বিষয় নিয়ে সহজবোধ্য ভাষায় কথা বলা হয়েছে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে। দেশের খ্যাতনামা স্থপতি, পরিকল্পনাবিদ, নগরবিদ, নগর নকশাবিদ, পরিবেশবিদ এবং প্রকৌশলীরা এতে অতিথি হয়ে এসেছেন।

‘নির্মাণ রসায়ন’-এর কলাকুশলীরা বলেন, গত তিনবছর ধরে নির্মাণ রসায়ন মূলত স্থপতি ও অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবিদের দূরদর্শী চিন্তার গভীরতার জায়গাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করেছে। এতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনেক মানুষের মধ্যে ঘরবাড়ি ও নির্মাণ নিয়ে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তারা এখন জানেন যে, নির্মাণ মানে শুধু কতোগুলো দেয়াল বা কংক্রিটের আবরণ নয়। প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ, জীবনযাত্রা, প্রযুক্তি, অর্থনীতি, পৌরনীতি, সমাজ-কাঠামোর অগ্রগতিসহ নানাবিধ বিষয় ভেবে সংবেদনশীল পরিকল্পনার মাধ্যমে যে প্রকল্প তৈরি করা হয়, সেটিই কার্যকারিতা ও উপযোগিতার বিচারে অনন্য হয়।

জানা গেছে, অনুষ্ঠানটির সিজন টু-এর প্রথম পর্বের অতিথি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। দেশের স্থপতিদের পেশাগত উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থপতি ইনস্টিটিউট। রাজধানীর আগারগাঁওয়ে দেশীয় ধাঁচে তৈরি স্থপতি ইনস্টিটিউট কার্যালয়টিও একটি আধুনিক ও পরিবেশবান্ধব স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ। স্থপতি ইনস্টিটিউটের সবুজ প্রাঙ্গণে ধারণ করা ‘নির্মাণ রসায়ন’-এর এই পর্বে স্থপতি ড. সাঈদ কথা বলবেন দেশে স্থাপত্যচর্চার বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রসঙ্গে; ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের গুরুত্ব প্রসঙ্গে, এবং নগরের নানা সংকট ও তার সমাধান সম্পর্কে।

‘নির্মাণ রসায়ন’-এর সার্বিক তত্ত্বাবধানে আছেন এটিএন নিউজের চিফ অপারেটিং অফিসার ড. আল আমীন খান এবং হেড অব প্রোডাকশন কাজী নাজমুল আলম তাপস। প্রযোজনা করেছেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউউটিভ প্রডিউসার ফারুকে আযম। তিনি এটিএন নিউজের ইয়াং নাইট, লেট্স ড্রাইভ-সহ বেশ কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠানের প্রযোজক। অন্যদিকে নির্মাণ রসায়নের সিজন ওয়ানের মতো এবারও এতে গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন স্থপতি ও সাংবাদিক সৈয়দ তাওসিফ মোনাওয়ার। তিনি দৈনিক ইত্তেফাকের একাধিক ফিচার পাতা সম্পাদনার পাশাপাশি নিজের ডিজাইন স্টুডিও পরিচালনা করছেন। এর আগে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের সিনিয়র ডিজাইন অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া বুয়েটের স্থাপত্য বিভাগের আরবান ডিজাইন অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিভিশনে স্নাতকোত্তর করছেন তিনি।

ইত্তেফাক/এসএএস