লঘুচাপের প্রভাবে হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব নৌ যোগাযোগ বন্ধ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৬:৫৩

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলাটি।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়ার নলচিরা রুটে ফেরি, সি-ট্রাক, স্পিডবোট, যাত্রীবাহী ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিপ্রেক্ষিতে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

চেয়ারম্যানঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, নদী উত্তাল থাকায় সকাল থেকে কোনো সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার ঘাট ছেড়ে যেতে পারেনি। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ইউএনও আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সতর্কতা সংকেত প্রত্যাহারের পর নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

ইত্তেফাক/এমএএম