যন্ত্রপাতি নষ্ট থাকায় দন্ত বিভাগে অস্ত্রোপচার বন্ধ!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত বিভাগে (ডেন্টাল ইউনিট) থাকা যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা পরামর্শ ছাড়া দাঁতে অস্ত্রোপচারের মাধ্যমে কোনো সেবা পাচ্ছে না।

জানা গেছে, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের সাধারণ মানুষ সেবার জন্য ছুটে আসে পটিয়া পৌর সদরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে কর্তব্যরত রয়েছেন সহকারী ডেন্টাল সার্জন ডা. তামান্না বেগম ও মেডিক্যাল টেকনোলজিস্ট নাদিয়া সুলতানা। দুইজন থাকা সত্ত্বেও ইউনিটের যন্ত্রপাতি নষ্ট থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সাধারণ মানুষ যথাযথ চিকিত্সা সেবা পাচ্ছে না। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা যায়, ২০১৭ সালের এপ্রিল মাসে ডেন্টাল চেয়ার, অটোক্লেভ মেশিন, হ্যান্ড পিস নষ্ট হয়ে যায়। তত্কালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি মেরামতসহ নতুন যন্ত্রপাতি চেয়ে চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন বলে জানা যায়।

সরেজমিনে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গত বুধ ও বৃহস্পতিবার দেখা গেছে সহকারী ডেন্টাল টেকনোলজিস্ট নাদিয়া সুলতানা সাধারণ রোগীদের পরামর্শ দিচ্ছেন। একটা টর্চ লাইট দিয়ে দাঁত দেখে সাধারণ রোগীদের সেবা দিতে দেখা যায় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে নাদিয়া সুলতানা বলেন, ২০১৭ সাল থেকে ডেন্টাল ইউনিটের প্রায় যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। শুধু খাবার ওষুধের চিকিত্সার ব্যবস্থাপত্র ছাড়া আর কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। একটা টর্চ লাইট দিয়ে যতটুকু সম্ভব রোগীর সেবা করে যাচ্ছি। যদি ডেন্টালের সব যন্ত্রাংশ পাওয়া যায় ডেন্টাল সম্পর্কিত সকল সেবা এই হাসপাতাল থেকে দেওয়া যাবে।

এ বিষয়ে সহকারী ডেন্টাল সার্জন ডা. তামান্না বেগমের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দুইদিনের ছুটিতে আছি। ডেন্টালের যন্ত্রাংশ নষ্টের বিষয় নিয়ে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েও কোনো কাজ হয়নি। এ বিষয়ে পটিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ মো. ওয়াহিদুল্লাহ বলেন, ডেন্টাল ইউনিটের ডেন্টাল চেয়ার ১টি, অটোক্লেভ মেশিন, হ্যান্ড পিস (লুব্রিকেন্ট অয়েল)-সহ প্রয়োজনীয় নতুন যন্ত্রপাতির চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।