১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে ১৫ আগস্টে নিহত সকল শহীদকে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্যদিয়ে সেদিন মূলত হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে। জাতিকে প্রগতির পথ থেকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ঘৃণ্য অপচেষ্টায় ছিল এ মর্মান্তিক হত্যাকাণ্ড।
বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ ও আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ এক অবিচ্ছেদ্য সত্তা। এই মহান নেতার নেতৃত্বেই বাংলাদেশের বীর জনগণ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আজ আবারও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত। আমাদের প্রমাণ করতে হবে যে, ব্যক্তি মুজিবকে ঘাতকরা হত্যা করতে পারলেও মুজিবের আদর্শ অমর অক্ষয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির দুই দিনব্যাপী কর্মসূচি
আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় বনানী কবরস্থানে বেগম মুজিবসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের এবং সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ।
এ ছাড়াও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন।
কর্মসূচির দ্বিতীয় দিন : আগামী ২৪ আগস্ট শনিবার বিকাল ৩টায় ঢাকায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে (মাল্টিপারপাস হল) জাতির জনকের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। আলোচনা সভায় জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।
০
